২৮ জানুয়ারি সন্ধ্যায় বগুড়া আসছেন তারেক রহমান
- আপডেট সময় ১১:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁ সফর শেষে বগুড়ায় আসবেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষ করে সন্ধ্যায় তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
জানা গেছে, ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। এদিন তিনি বগুড়া জেলা বিএনপির সঙ্গে একটি সাংগঠনিক সভায় মিলিত হবেন। সভা শেষে তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় ও মসজিদটি পরিদর্শন করবেন। এরপর শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে।
এছাড়া সফরের পরদিন ২৯ জানুয়ারি তিনি বগুড়া সদর উপজেলার সবকটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। সকালে এরুলিয়া ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করে সাবগ্রাম ইউনিয়নে কর্মসূচি শেষ করবেন। পরে তিনি গাবতলী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।
















