এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার
- আপডেট সময় ১২:২৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।শিল্পখাত ও গৃহস্থালি ব্যবহারের জন্য অপরিহার্য এ পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।
এতদিন বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরকার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত কার্যকর করে। প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানি পর্যায়ে এখন ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে, যা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন ব্যবস্থায় এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না। ফলে প্রজ্ঞাপন দুটি কার্যকর হওয়ার পর এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা সাধারণের ওপর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে জানিয়েছে এনবিআর।
















