বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানায় জরিমানা
- আপডেট সময় ০৬:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
বগুড়ার কাহালু উপজেলায় ভেজাল ভেটেরিনারি (পশুচিকিৎসা) ওষুধ উৎপাদন ও সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মুরইল এলাকায় অবস্থিত ‘আহাজ ফার্মা’ নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
অভিযানকালে ওষুধ উৎপাদনে নানা ধরনের অনিয়ম, অনুমোদনহীন কাঁচামাল ব্যবহার এবং সঠিক নিয়ম অনুসরণ না করে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মো. হেলাল উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সঠিক প্রক্রিয়া ছাড়া পশুখাদ্য ও পশুচিকিৎসা ওষুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
















