১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা ও ছিনতাই, থানায় মামলা
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০৬:১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
বগুড়া সদর থানাধীন ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাহিন (২২) এর ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বগুড়া শহরের ইছাহদহ-সাবগ্রাম সড়কে নয়নের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ নাহিন পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি চেলোপাড়া মধুবন সিনেমা হল সংলগ্ন এলাকায় অবস্থিত তার নিজ মালিকানাধীন ‘মেসার্স শাহ ছ মিল ও মেসার্স শাহ মুকদম ছ মিল পরিচালনা করে আসছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পথরোধ করে। এ সময় বিবাদীরা লাঠি, সাবল ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। প্রধান অভিযুক্ত মোঃ রবিন সাবল দিয়ে মাথায় আঘাত করলে মোঃ নাহিন গুরুতর রক্তাক্ত জখম হন এবং মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার ব্যবহৃত R-15 M মোটরসাইকেলের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়।
অপরদিকে, আরেক অভিযুক্ত সাব্বির হোসেন লোহার রড দিয়ে আঘাত করলে নাহিনের বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়। পরে অন্যান্য অভিযুক্ত ও অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দিয়ে পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে অজ্ঞাতনামা একটি সিএনজিযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মোঃ রবিন, মোঃ সাব্বির হোসেন, মোঃ স্বাধীন, জলানী ডাক্তার সহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
















