গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০
- আপডেট সময় ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় শ্রমিকদের আট দফা দাবিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, আমাদের ন্যায্য আট দফা দাবি ছিল। কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ ডেকে এনে আমাদের ওপর টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিকদের আট দফা দাবি
১. পরিচালক কাজলকান্তির বাধ্যতামূলক পদত্যাগ।
২. বার্ষিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ এবং প্রতিবছর বার্ষিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে।
৩. টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর কাজ করালে নাইট বিল ১৫০ টাকা প্রদান।
৪. হেলপার থেকে অপারেটর পর্যন্ত সকলকে এক হাজার টাকা হাজিরা বোনাস।
৫. বেতন পেমেন্ট ৩ থেকে ৪ তারিখের মধ্যে শুরু করে ৭ তারিখের মধ্যে পরিশোধ (৭ তারিখ শুক্রবার হলে ৬ তারিখে পরিশোধ)।
৬. জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর এবং ফ্লোরে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ ও অশালীন ভাষা ব্যবহার বন্ধ।
৭. কোনো শ্রমিক স্টাফের বিরুদ্ধে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
৮. আন্দোলনের কারণে কোনো শ্রমিক বা স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুতি না করা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই শ্রমিকরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






















