রামুতে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
- আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম লেদাপুতু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় প্রতিপক্ষ আব্দুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে শফিউল আলম লেদাপুতুর ওপর প্রকাশ্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের একটি সূত্রের দাবি, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন নামের এক ডাকাতের সহযোগী। শাহীন গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম বেপরোয়া হয়ে উঠে, বর্তমানে আব্দুর রহিম বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছেন, লেদাপুতু এলাকার সাহসী এক যুবক ছিলেন, স্থানীয় সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















