এক কলস দুধে ‘শুদ্ধ’ হয়ে জামায়াতে যোগদান মৎস্যজীবী দল নেতার
- আপডেট সময় ০৩:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপিপন্থী সংগঠন মৎস্যজীবী দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক ইউনিয়ন পর্যায়ের নেতা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে জালাল হাওলাদার নামের ওই নেতার এমন ব্যতিক্রমী যোগদান নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বগা ইউনিয়নের মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারের যোগদান উপলক্ষে স্থানীয় জামায়াত এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। তিনি নিজেই এক কলস দুধ দিয়ে জালাল হাওলাদারকে গোসল করিয়ে নতুন দলে বরণ করে নেন। পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন। তিনি বলেন, আদর্শভিত্তিক ও ন্যায়নীতির রাজনীতির মাধ্যমেই জনগণের প্রকৃত আস্থা অর্জন সম্ভব।
নতুন দলে যোগ দিয়ে জালাল হাওলাদার দাবি করেন, তার সাথে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে শামিল হয়েছেন। তবে যোগদান অনুষ্ঠানে তার পাশে অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদারের দাবি ভিন্ন। তিনি জালাল হাওলাদারকে মৎস্যজীবী দলের নেতা হিসেবে অস্বীকার করে বলেন, “জালাল মূলত আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের লোক। আওয়ামী লীগ নেতাদের সাথে তার অসংখ্য ছবি রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর সে কৌশলে মৎস্যজীবী দলে অনুপ্রবেশ করেছিল এবং নানা অপকর্ম চালিয়েছে। তার চলে যাওয়ায় বরং দল কলঙ্কমুক্ত ও শুদ্ধ হয়েছে।”
















