যৌথবাহিনীর অভিযানে ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল (হাতবোমা) ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকার বেপারী কান্দি বাচ্চু পেদার বসতঘর ও পেদা বাড়ী মসজিদ থেকে ওই ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদা (২৫)।
নড়িয়া থানা সূত্রে জানা যায়, বোমা ও অস্ত্র মজুদের খবর গোপন সংবাদের মাধ্যমে পেয়ে রোববার দিবাগত ১টা ৫৫ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালায়।
এসময় প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে বাচ্চু পেদাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশে বসতবাড়ির পাশেই অবস্থিত একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি উদ্ধার করা হয়।
এতে মোট ১২ বালতিতে ৯৫টি ককটেল (হাতবোমা) পাওয়া গেছে। এসময় দেশীয় অস্ত্র হিসেবে উদ্ধার করা হয় ৮টি তেতা ও ৩টি রামদা।
উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সোমবার (২ জানুয়ারি) সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া থানার ওসি মো: বাহার মিয়া বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















