খোলা চিঠিতে তারেক রহমানকে যা বললেন বিদিশা এরশাদ
- আপডেট সময় ১১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
বিদিশা এরশাদ লিখেছেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়া আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না—তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।
চিঠিতে আরও বলা হয়, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব কেবল ক্ষমতার বিষয় থাকে না; তা দায়িত্ব ও প্রত্যাশার ভারে পরিণত হয়।
বিদিশা এরশাদ লেখেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর আস্থা ফিরে পাবে—এমন আশাই তিনি করেন।
চিঠির শেষাংশে তিনি নতুন দায়িত্ব পালনের শুরুতে তারেক রহমানের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করেন। তার নেতৃত্বে বাংলাদেশ যেন একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যায়—এ প্রত্যাশাও ব্যক্ত করেন বিদিশা এরশাদ।






















