সাহরির সময় ৩ হাজার পিস ইয়াবাসহ বগুড়ায় দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
পবিত্র রমজান মাসে সাহরির সময়কে সুযোগ হিসেবে নিয়ে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে বগুড়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএনসি বগুড়ার এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)।
বগুড়া ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নওদাপাড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ‘তাজ পরিবহন’ নামের একটি বাস সেখানে পৌঁছলে সংকেত দিয়ে থামানো হয়। পরে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৩ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। বাসে তাদের কাছে কোনো টিকিট ছিল না বলেও জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সাহরির সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি শিথিল থাকতে পারে এমন ধারণা থেকে তারা এ সময়কে পাচারের জন্য বেছে নেন।
এ ঘটনায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. শাহ আলম বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারিরা ধর্মীয় আবেগের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
















