ইসরায়েলিদের এলাকা ছাড়ার নির্দেশ হিজবুল্লাহর
- আপডেট সময় ০২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
ইসরায়েল সীমান্তের কাছে থাকা বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৬ মার্চ) ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় বলা হয়, লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (প্রায় ৩ মাইল) মধ্যে থাকা ইসরায়েলি শহর ও বসতির বাসিন্দারা যেন এলাকা খালি করে দেয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
হিজবুল্লাহ বলেছে, ‘লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপদ নাগরিকদের ওপর (ইসরায়েলের) সামরিক বাহিনীর আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং মানুষকে উচ্ছেদের অভিযান কোনোভাবেই অপ্রতিদ্বন্দ্বিত থাকবে না।’
বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে একের পর এক বিমান হামলা শুরু করে। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলেছিল, যেটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ‘ইরানি শাসনের অবকাঠামো লক্ষ্য করে’ ব্যাপক আকারে হামলা শুরু করেছে।












