বগুড়ায় ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার
- আপডেট সময় ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
র্যাব-১২ এর অভিযানে ১ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম (৩৬) গ্রেফতার। মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম হলো, বগুড়া নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৮টা ৫০ মিনিটে নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ীর সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
গত মঙ্গলবার দিনগত রাত ৯ টার সময় নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী ছাত্রদল নেতা রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
তার কাছ থেকে ৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে রাতেই র্যাব সদস্যরা গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত নন্দীগ্রাম থানায় হস্তান্তর করেন। আজ বুধবার (২৬ আগস্ট) গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।











