১০ লক্ষ টাকা নিয়ে পরিশোধ না করায় প্রতারক গ্রেফতার
- আপডেট সময় ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় মোঃ শাহিনুর রহমান টিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিনুর রহমান টিপু বগুড়া সদর উপজেলার উত্তর বৃন্দাবনপাড়া, ফুলবাড়ী এলাকার বাসিন্দা। সদর থানার এএসআই রাজ মাহমুদ তাকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার লতিফপুর এলাকার মোঃ হাসনাতুল ফেরদৌসের সঙ্গে শাহিনুর রহমান টিপুর পূর্বপরিচয় ছিল। ওই পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক প্রয়োজনে শাহিনুর রহমান টিপু বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলে তিনি ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ঋণগ্রহণের লিখিত অঙ্গীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ দেন। এরপরও পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৭৪৫/২৬ সদর।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে শনিবার রাতে শাহিনুর রহমান টিপুকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার এএসআই রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।











