০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বর্গাচাষীর সততা, খড়ের গাদায় মিলল ছয় ভরি সোনা ও দুই লক্ষাধিক টাকা
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১১:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
১৪ জানুয়ারি ২০২৬ বুধবার দুপুরে চাঁদপুরের মতলব থানাধীন আবুল কাশেম মার্কেটের নিকট থেকে ধানীজমির বর্গাচাষী মোসলেম মিয়া নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি জমি থেকে ধান কাটছিলেন। পূর্বে কেটে রাখা খড়ের স্তুপ রোদে শুকানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে গিয়ে খড়ের গাদার ভেতরে তিনি অনেক টাকা ও স্বর্ণালঙ্কার পান। এই টাকা ও স্বর্নালঙ্কার প্রকৃত মালিককে যাচাই করে বুঝিয়ে দেয়ার জন্য তিনি আইনী ও প্রশাসনিক সহায়তা চান। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশচন্দ্র এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি মতলব থানায় দ্রুত উদ্ধারের জানানো হয়।
৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে মতলব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার ভেতর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে যা গণনা করে ২ লক্ষ ৩৯ হাজার ২ শত টাকা পাওয়া যায়। স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের পরিমাণ ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৯০ হাজার টাকা।
উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার জব্দতালিকা করে আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে তা আইনী প্রক্রিয়ায় মালিককে হস্তান্তর করা হবে। মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আনোয়ার সাত্তার
পুলিশ পরিদর্শক
গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা
জাতীয় জরুরি সেবা ৯৯৯
ট্যাগস :
















