বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক সংগ্রহ
- আপডেট সময় ০৫:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দলীয় প্রতীক বরাদ্দ দেন।
তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রতীক গ্রহণ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করে তাকে সম্মানিত করবো এবং দেশবাসীকে তাক লাগিয়ে দিব।”
সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন।
তারেক রহমানকে প্রার্থী ঘোষণার পর থেকেই বগুড়া সদর আসনে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দলীয় সভা-সমাবেশ ও গণসংযোগে অংশগ্রহণ বাড়ছে সাধারণ ভোটারদেরও।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, “বগুড়া বিএনপির দুর্গ ছিল, এখনো অক্ষুন্ন আছে। দলের চেয়ারপার্সন এই আসনে প্রার্থী হওয়ায় সর্বস্তরের ভোটারের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।”
“আমরা আশা করছি, সব রেকর্ড ভেঙে তারেক রহমান সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবো।”
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, “তারেক রহমানকে দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আবারও প্রমাণ করবো বগুড়া বিএনপির ঘাঁটি।”
রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপির মিডিয়া সেলের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, “তারেক রহমান বলে কথা। এছাড়ার বিএনপির ঘাঁটি বগুড়া। চারপাশে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া, ভোটাররা তারেক রহমানকে ভোট দেএয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”


















