বিএনপিতে যোগ দিলেন এলডিপির ৩ শতাধিক নেতাকর্মী
- আপডেট সময় ০৫:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সদরে আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন তারা।
এলডিপি থেকে বিএনপিতে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে সদ্য যোগদানকারী নুরুল আলম বলেন, আমি আগেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে বিএনপির রাজনীতি করে যাব। বিএনপি এদেশের সর্ববৃহৎ সংগঠন।
আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়টি দেশ ও জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনটি তাকে উপহার দিতে হবে।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও বিএনপিতে যোগদান করায় তাদের অভিনন্দন জানান।
ঐক্যবদ্ধ এই শক্তির মাধ্যমেই লোহাগাড়া-সাতকানিয়া আসনটি বিএনপির বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।






















