বিএনপির ভূমিধস বিজয়, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
- আপডেট সময় ০৩:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকার গঠনের পথ সুগম করেছে।
নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
‘বিএনপির বিজয় দাবি, ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় জামাত, শীর্ষক প্রতিবেদনে বলা হয়- বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‘লাইভ নিউজে’ শিরোনাম করছে- ‘বিএনপির সহজ জয়, প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান’।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিরোধী দল বিএনপি জাতীয় নির্বাচনে ২০ বছর পর ভূমিধস বিজয় পেয়ে ক্ষমতায় এসেছে। দলটির প্রধান তারেক রহমান অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৭০ আসন পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে।
‘জেন জি অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ – শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবদনে আরও বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি বিজয় মিছিলের পর দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে।’ উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি—এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

















